ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ, সংযমের আহ্বান

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে কূটনৈতিক পথে ফেরার তাগিদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

স্টাফ রিপোর্টার, ১ মার্চ ২০২৬ , নিউজ চ্যানেল বিডি

সাম্প্রতিক হামলার ঘটনায় ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও কূটনৈতিক পথে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হামলার প্রেক্ষাপটে ইরানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে সরকার গভীরভাবে উদ্বিগ্ন।

বাংলাদেশ সতর্ক করে বলেছে, শত্রুতা অব্যাহত থাকলে তা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক নাগরিকদের কল্যাণকে আরও বিপন্ন করবে।

সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে সরকার মতপার্থক্য নিরসনে সংলাপ ও কূটনীতির পথে ফিরে আসার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছে।

বিবৃতিতে অঞ্চলটির কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানানো হয়। এসব দেশের মধ্যে রয়েছে বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

দ্রুত পরিস্থিতি শান্ত হবে এবং অঞ্চলজুড়ে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশ।