স্টাফ রিপোর্টার, ২ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি
মধ্যপ্রাচ্যে চলমান সংকটে বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ওই অঞ্চলে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের স্বার্থ রক্ষা করাই সরকারের প্রথম অগ্রাধিকার।
মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাস ও কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে কাজ করছে। তিনি বলেন, “আমাদের নাগরিকরা কাঁটাতারের এপাশে বা ওপাশে যে পাশেই থাকুক, ক্ষতিগ্রস্ত হলে আমরা তাদের পাশে থাকব। আমাদের সর্বোচ্চ জাতীয় স্বার্থ হলো আমাদের জনগণ।”
সংকটের শুরু থেকেই প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
ড. খলিলুর রহমান জানান, বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলোচনায় সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পেয়েছে এবং তারা এ বিষয়ে আশ্বস্ত করেছেন।
তিনি আশা প্রকাশ করেন, আর কোনো বাংলাদেশি যেন সংঘাতের শিকার না হন। তবে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ বা সংঘাত কখনও স্থায়ী সমাধান আনে না। সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে দ্রুত শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করেন তিনি।
বর্তমান পরিস্থিতিতে সাময়িকভাবে আটকে পড়া সম্ভাব্য অভিবাসী কর্মীদের বিষয়ে তিনি জানান, এ নিয়ে প্রয়োজনীয় আলোচনা হয়েছে। আকাশপথ স্বাভাবিক হলে তাদের যাত্রার ব্যবস্থা করা হবে।
মধ্যপ্রাচ্যের ক্রমবিকাশমান পরিস্থিতি এবং এর প্রভাব, বিশেষ করে বিমান চলাচল, প্রবাসী কল্যাণ ও আঞ্চলিক নিরাপত্তা পর্যালোচনায় এ আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এছাড়া শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতও অংশ নেন।





