স্টাফ রিপোর্টার , ০৪ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
রাজধানীর ওয়ারী থানার স্বামীবাগ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শককে গুলি করে আহত করার ঘটনায় অস্ত্র-গুলিসহ চারজনকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ।
আজ বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার মল্লিক আহসান উদ্দীন সামি।
গ্রেফতারকৃতরা হলেন সৈয়দ জিসান আহমেদ (২৯), সৈয়দ হাসিবুল হাসান ওরফে পিয়াস (২২), ওমর ফারুক সায়েম (২১) ও সোলায়মান হোসেন চৌধুরী (২৫)। এ সময় তাদের হেফাজত থেকে দুইটি পিস্তল, একটি রিভলবার, দুইটি ম্যাগাজিন, ২৩ রাউন্ড তাজা গুলি, পাঁচ রাউন্ড গুলির খোসা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার দুপুর ১২টার দিকে ওয়ারী থানার স্বামীবাগস্থ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সায়েদাবাদ রেলগেট সংলগ্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনাকালে অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন দুষ্কৃতকারী পরিদর্শক সিদ্দিকুর রহমানকে পায়ে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় ওয়ারী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
পুলিশ আরও জানায়, ঘটনার পর তাৎক্ষণিকভাবে ওয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে দুষ্কৃতকারীদের পলায়নের রাস্তায় অনুসরণ করলে পুলিশের ধাওয়া খেয়ে একজন অস্ত্র ফেলে পালিয়ে যায়। সে সময় ঘটনায় ব্যবহৃত চার রাউন্ড গুলি ভর্তি একটি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ওয়ারী থানা পুলিশের একটি টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সৈয়দ জিসান আহমেদ, সৈয়দ হাসিবুল হাসান ওরফে পিয়াস এবং ওমর ফারুক সায়েমকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত একটি পিস্তল ও দুইটি ম্যাগাজিনসহ ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ সোলায়মান হোসেন চৌধুরীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় ওয়ারী থানায় দুইটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পৃথক আরও একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।





