খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ দেওয়ার সিদ্ধান্ত

স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষায় অবদানের স্বীকৃতি; এ বছর মোট ২০ জন পাচ্ছেন রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা

স্টাফ রিপোর্টার, ০৫ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেগম খালেদা জিয়াসহ মোট ২০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ বছর ‘স্বাধীনতা পুরস্কার’ প্রদান করা হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্বাধীনতা, গণতন্ত্র প্রতিষ্ঠা, নারী শিক্ষা ও জাতীয় উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ বেগম খালেদা জিয়াকে মরণোত্তর এ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ‘স্বাধীনতা পুরস্কার’ বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর স্বাধীনতা দিবস ২৬ মার্চ উপলক্ষে এই পদক প্রদান করে আসছে সরকার।