বিএনপির সাংসদদের দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু

ঢাকা জেলাসহ তিন বিভাগের এমপিদের অংশগ্রহণ, ১২ মার্চ বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

স্টাফ রিপোর্টার, ০৭ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা জেলাসহ তিন বিভাগের সংসদ সদস্যদের নিয়ে শুরু হয়েছে বিএনপির দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা।

শনিবার সকাল ১০টায় গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সাংসদরা অংশ নেন। বিকেলের সমাপনী পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের এমপিরা অংশ নেবেন বলে জানা গেছে।

কর্মশালার সকালের পর্বে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান এবং সিনিয়র নেতা ওসমান ফারুকসহ দলের শীর্ষ নেতারা।

এর আগে শুক্রবার দু’দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিনের সকালে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেন। বিকেলের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুরের কয়েকজন সাংসদ অংশগ্রহণ করেন।

কর্মশালায় অংশ নেওয়া এক সংসদ সদস্য জানান, সংসদের বিধি-বিধান, কার্যপ্রণালী বিধিসহ বিভিন্ন বিষয়ে দলীয় এমপিদের ধারণা দেওয়ার জন্যই মূলত এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বেলা ১১টায় বসবে। গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্যের মধ্যে ১৪৬ জনই নতুন।