স্টাফ রিপোর্টার, ৭ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
রাজধানীর এক অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, সংস্কার ও বিচারের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না এবং এ বিষয়ে যদি কোনো শক্তি বা সরকার বিপক্ষে দাঁড়ায়, তাহলে দেশের জনগণ তা গ্রহণ করবে না।
নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধ, ৭ মার্চ বা শেখ মুজিবুর রহমানের নাম ব্যবহার করে ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে গণতন্ত্র, সংস্কার এবং ন্যায়বিচারের প্রত্যাশা করছে। সেই প্রত্যাশাকে উপেক্ষা করার সুযোগ নেই।
তিনি আরও বলেন, বহুল প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হলেও সেই নির্বাচনকে নানা কারণে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এরপরও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে তারা জুলাই সনদের নির্দেশনা অনুযায়ী দুইটি শপথ গ্রহণ করেছেন। তবে সরকারি দল এখনো সেই শপথ গ্রহণ করেনি বলে অভিযোগ করেন তিনি।
এনসিপি প্রধান দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ এবং গণভোটের মাধ্যমে জনগণ সংস্কারের পক্ষে স্পষ্ট রায় দিয়েছে। কিন্তু সেই গণভোটের বৈধতা নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে এবং আদালতে বিষয়টি নিয়ে যাওয়ার মাধ্যমে তা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, অতীতেও দেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণের চেষ্টা দেখা গেছে। বর্তমান সময়েও একই ধরনের প্রবণতা দেখা দিলে তা দেশের জন্য উদ্বেগজনক হবে।
নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে চায় এবং সরকারের সঙ্গে ইতিবাচক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে আগ্রহী। তবে এর জন্য সরকারকেও দায়িত্বশীল আচরণ করতে হবে।
তিনি আরও বলেন, আগামী ১২ তারিখ সংসদের অধিবেশন শুরু হবে। সেই অধিবেশনের শুরুতেই সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণ নিশ্চিত করা এবং রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।





