স্টাফ রিপোর্টার, ৮ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
পবিত্র বদর দিবস ও রমজান মাস উপলক্ষে রাজধানীর মাদারটেক বাজার জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে ইফতার করেছেন সড়ক ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি।
ইফতার মাহফিলে তিনি মুসল্লিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন। এ সময় ধর্মীয় শিক্ষা ও ইবাদতে মুসল্লিদের নিষ্ঠা ও অধ্যবসায়ের প্রশংসা করেন তিনি।
হাবিবুর রশিদ হাবিব দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয়। তিনি সাবেক ছাত্রদলের ত্যাগী নেতা হিসেবে পরিচিত। গত নির্বাচনের আগে বাসাবোর বালুর মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে ধানের শীষ প্রতীক তুলে দেন এবং ঢাকা-৯ আসনের জনগণের কাছে তার জন্য ভোট প্রার্থনা করেন।
পরে সাধারণ ভোটারদের সমর্থনে তিনি ঢাকা-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং বর্তমানে সড়ক ও মহাসড়ক বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও তিনি এলাকাবাসী এবং ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করছেন।
বিশেষ করে আলেম-ওলামাদের সঙ্গে তার যে সম্পর্ক নির্বাচন-পূর্ব সময়ে গড়ে উঠেছিল, নির্বাচনের পরও সেই সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি।
স্থানীয়দের মতে, নির্বাচন শেষে অনেক নেতা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন বলে যে ধারণা প্রচলিত রয়েছে, সেই ধারণা পরিবর্তনে কাজ করে যাচ্ছেন ঢাকা-৯ আসনের এই জনপ্রিয় বিএনপি নেতা।





