সকালে বাসা থেকে বের হয়ে তারেক রহমানের মন্তব্য: ‘চলেন যুদ্ধে যাই’

দেশ পরিচালনার দায়িত্বকেই ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ; সচিবালয়ে ব্যস্ত দিনের সূচনা প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার, ০৮ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি

অন্য কার্যদিবসের মতোই আরেকটি দিনের সূচনা করতে সকালে বাসা থেকে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে আজ রোববার সকালে বাড়ির দরজা খুলেই উপস্থিত সবার উদ্দেশ্যে মুচকি হেসে বললেন, ‘চলেন যুদ্ধে যাই।’

সপ্তাহের প্রথম কার্যদিবসের সূচনায় এই ব্যতিক্রমী মন্তব্য উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। এ সময় প্রতিদিনের মতো প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, প্রধানমন্ত্রী যখন তিন শব্দের এই কথা বলেন, তখন সেখানে উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যরা প্রথমে কিছুটা বিস্মিত হয়ে পড়েন। পরক্ষণেই তারা বুঝতে পারেন, দেশ পরিচালনার দায়িত্ব ও প্রতিদিনের কাজের চ্যালেঞ্জকেই তিনি ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন। তিন শব্দের এই মন্তব্যে দেশ গঠনে তাঁর প্রতিদিনের সংগ্রামের ইঙ্গিত রয়েছে।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, সকাল ৮টা ৪২ মিনিটে রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। প্রতিদিনের মতোই তাঁর ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যরা আগে থেকেই প্রস্তুত ছিলেন।

সকাল সাড়ে ৯টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। আজও সারাদিন তাঁর একাধিক বৈঠক নির্ধারিত রয়েছে।

প্রধানমন্ত্রীর আজকের সূচির মধ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এছাড়াও তিনি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলে জানা গেছে।