১৬ মার্চ দিনাজপুরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা সরকারের

স্টাফ রিপোর্টার, ০৮ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী ১৬ মার্চ দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় ৫ কোটি টাকা ব্যয়ে খাল পুনঃখনন কর্মসূচির মাধ্যমে দেশে প্রথমবারের মতো এ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার দুপুরে জেলার কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় খাল পরিদর্শন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে খাল খননের মাধ্যমে জনগণের দীর্ঘদিনের দাবি অনুযায়ী গুরুত্বপূর্ণ এই কর্মসূচি এগিয়ে নেওয়া হবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পরিত্যক্ত জলাশয় এবং ছোট-বড় নদ-নদী খননের উদ্যোগ নিয়েছিলেন।

তিনি বলেন, দেশের মানুষের কল্যাণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই খাল খননের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরের মধ্যে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, খাল খননের মাধ্যমে পানি ধরে রাখা সম্ভব হলে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সহজে সেচ সুবিধা পাবে। এতে সব ধরনের ফসল চাষ ও উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে সাহাপাড়া এলাকার খালটি পুনঃখননের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন দিনাজপুর সফর উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম, পানিসম্পদ সচিব ড. এ কে এম সাহাবুদ্দিনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

ট্যাগ: তারেক রহমান, খাল পুনঃখনন, দিনাজপুর, কাহারোল উপজেলা, পানি সম্পদ মন্ত্রণালয়, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সেচ ব্যবস্থা, কৃষি উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, উন্নয়ন প্রকল্প