স্টাফ রিপোর্টার | ১০ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেলবিডি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী মাসের মধ্যেই দেশের কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে।
তিনি বলেন, “আমরা কৃষক ভাইদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার মধ্যে অন্যতম ছিল কৃষক কার্ড চালু করা। সেই কার্ডের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আজ যেভাবে ৩৭ হাজার নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পেরেছি, ঠিক একইভাবে আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ।”
আজ সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে কড়াইল বস্তি সংলগ্ন এলাকায় আয়োজিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে কৃষকদের কৃষি ঋণ মওকুফ করা হবে—এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আল্লাহর রহমতে সরকার ইতোমধ্যে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। গত সপ্তাহে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ সরকারের পক্ষ থেকে মওকুফ করা হয়েছে।
তিনি বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব। যেসব প্রতিশ্রুতি পূরণ করলে দেশের উন্নয়ন ও জনগণের জীবনমানের উন্নতি হবে, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।





