আজকের সংসদ জনগণের প্রত্যাশার সংসদ: প্রধানমন্ত্রী তারেক রহমান

গণতন্ত্র পুনরুদ্ধারের আশা নিয়ে সংসদের দিকে তাকিয়ে আছে দেশবাসী

স্টাফ রিপোর্টার | ১২ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান জাতীয় সংসদ বাংলাদেশের জনগণের প্রত্যাশার সংসদ এবং দেশের মানুষ এ সংসদের দিকে আশা নিয়ে তাকিয়ে আছে।

বৃহস্পতিবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকারের বক্তব্যের পর শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজ থেকে স্পিকার আর কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধি নন; তিনি পুরো সংসদের অভিভাবক। স্বাধীনতাপ্রিয় ও গণতান্ত্রিক মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করে তুলতে সরকার কাজ করবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, গত দেড় দশকের বেশি সময় ধরে দেশের মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। জনগণকে দুর্বল করে দেওয়া হয়েছিল এবং জাতীয় সংসদকে মানুষের অধিকার লুণ্ঠনকারীদের ক্লাবে পরিণত করা হয়েছিল।

প্রধানমন্ত্রী দাবি করেন, বিগত দেড় দশকে যারা নিজেদের সংসদ সদস্য পরিচয় দিতেন, তারা জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না। কিন্তু বর্তমান সংসদ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সংসদ।

তারেক রহমান বলেন, বিরোধিতার জন্য বিরোধিতা নয়; বরং যুক্তি ও বিতর্কের মাধ্যমে সংসদকে প্রাণবন্ত করে তুলতে হবে। এ ক্ষেত্রে স্পিকারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

বক্তব্যের শেষদিকে তিনি বলেন, জাতীয় সংসদের সদস্য হিসেবে সংসদ পরিচালনায় স্পিকারকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। একই সঙ্গে নতুন দায়িত্ব গ্রহণের জন্য সংসদ সদস্যদের পক্ষ থেকে স্পিকারকে শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।