স্টাফ রিপোর্টার, ১৩ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এমপি সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। শুক্রবার উপজেলা হলরুমে আয়োজিত এই সভায় বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্বাধীন সাংবাদিকতার গুরুত্বের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। সঠিক ও নিরপেক্ষ তথ্য প্রকাশের মাধ্যমে তারা জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারের স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি আরও বলেন, সাংবাদিকরা যেন দায়িত্ব পালনের সময় কোনো ভয় বা প্রভাবের মুখে না পড়ে স্বাধীনভাবে সত্য প্রকাশ করতে পারেন, সেটিই তিনি দেখতে চান। এ ক্ষেত্রে স্থানীয় সরকার ও প্রশাসন সাংবাদিকদের কাজকে সমর্থন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রম এবং গণমাধ্যমের কাজের পরিবেশ নিয়ে মতামত তুলে ধরেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিএনপি একটি স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম দেখতে এবং তা গড়ে তুলতে চায়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।





