স্টাফ রিপোর্টার | ১৫ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন, আসন্ন ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, নগরবাসীর বড় একটি অংশ প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকার বাইরে যাবেন। তাদের ঈদযাত্রা যেন নির্বিঘ্ন ও নিরাপদ হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে মো. সরওয়ার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও যাত্রীদের সুবিধার্থে রাজধানীর চারটি বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশনকে ঘিরে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। যাত্রী হয়রানি বন্ধ এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে ইউনিফর্মড পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও মোতায়েন থাকবে। এসব টার্মিনালে পুলিশের কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে।
তিনি জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ তিনটি বাস টার্মিনালে প্রায় ১০০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ট্রাফিক পুলিশের নিয়মিত মোতায়েনের পাশাপাশি প্রায় ৬০০ অতিরিক্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, লক্কড়ঝক্কর গাড়ি যেন রাস্তায় নামতে না পারে সেজন্য ট্রাফিক বিভাগের সহায়তায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধে বাস ও লঞ্চ টার্মিনালে জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে নয়টি মোবাইল কোর্ট পরিচালিত হবে।
ঈদযাত্রায় যানজট ও ভোগান্তি কমাতে আগামী ১৭ থেকে ২৩ মার্চ মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, রপ্তানি পণ্য, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
এছাড়া ১৬ মার্চ থেকে ঈদযাত্রা সংশ্লিষ্ট যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে জরুরি প্রয়োজন ছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক পরিহার করে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।
ডিএমপি জানায়, গণপরিবহন মালিক ও শ্রমিকদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এবং চারটি বাস টার্মিনালে সংশ্লিষ্টদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার যাত্রীদের উদ্দেশে বলেন, কোনোভাবেই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করবেন না। যাত্রাপথে অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার গ্রহণ থেকে বিরত থাকতে এবং ভ্রমণকালে নগদ অর্থ ও মালামাল নিজের হেফাজতে রাখার পরামর্শ দেন তিনি।
ফাঁকা রাজধানীতে মোটর রেসিং থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মোটর রেসিং ও গতিসীমা লঙ্ঘন ঠেকাতে পূর্বাচল এক্সপ্রেসওয়ে, বনানী থেকে আব্দুল্লাহপুর সড়ক এবং গুলশান এলাকায় ডিএমপির মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
এছাড়া ঈদে ঢাকা ছাড়ার আগে বাসা বা ফ্ল্যাটে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, আশপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা এবং যেকোনো প্রয়োজনে নিকটস্থ থানা বা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।





