গ্লোবাল ফ্রড সামিটে যোগ দিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ইউএনওডিসি ও ইন্টারপোলের যৌথ আয়োজনে দুই দিনব্যাপী সম্মেলনে বাংলাদেশের ৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি


স্টাফ রিপোর্টার | ১৫ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

গ্লোবাল ফ্রড সামিট ২০২৬-এ অংশ নিতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইউনাইটেড ন্যাশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি) ও ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল) যৌথভাবে ১৬ ও ১৭ মার্চ দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করছে। ভিয়েনা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত সামিটে ৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সামিটের উদ্বোধনী ও প্লেনারি সেশন ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী ‘গ্লোবাল ফ্রড রেসপন্স মেকানিজম’ শীর্ষক উচ্চপর্যায়ের রাউন্ডটেবিল বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি ‘ন্যাশনাল কমিটমেন্টস/প্লেজেস অন কমব্যাটিং ফ্রড’ শীর্ষক উচ্চপর্যায়ের বিশেষ সেশনে তিনি প্যানেলিস্ট হিসেবে বক্তব্য দেবেন।

এছাড়া সামিটের সাইডলাইন ইভেন্টে ইউএনওডিসি’র নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী আরটি হন লর্ড হ্যানসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে তার।

সামিটে অংশ নিতে রোববার বিকেল ৪টা ৫০ মিনিটে ইথিওপিয়ান এয়ারলাইনসের ইটি-৬৭৯ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সম্মেলন শেষে তিনি আগামী ২০ মার্চ ভোর ৫টা ৩৫ মিনিটে তার্কিশ এয়ারলাইনসের টিকে-৭১২ ফ্লাইটে ঢাকায় ফিরবেন।