জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ আদায় করবেন, ৩৫ হাজার মুসল্লির জন্য প্রস্তুতি সম্পন্ন৷৷

স্টাফ রিপোর্টার | ১৯ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এবারের জামাতের অন্যতম বিশেষ আকর্ষণ হিসেবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে এখানে নামাজ আদায় করবেন।

বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে প্রস্তুতি পরিদর্শন শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, দীর্ঘদিন পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর এটি প্রথম ঈদুল ফিতর। ফলে এই ঈদ জামাত বিশেষ গুরুত্ব বহন করছে। প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের সম্মতি দেওয়ায় সাধারণ মুসল্লিরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে এক জামাতে নামাজ আদায়ের বিরল সুযোগ পাবেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এবং ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

ডিএসসিসি প্রশাসক জানান, ঈদগাহ ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য নামাজের ব্যবস্থা রাখা হয়েছে, যার মধ্যে ৩ হাজার ৫০০ নারী মুসল্লির জন্য আলাদা সুবিধা থাকবে। নারীদের জন্য পৃথক প্রবেশপথ, ওজু ও নামাজের স্থান নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত ওজুখানা ও মেডিকেল টিমের ব্যবস্থাও রাখা হয়েছে।

নিরাপত্তার বিষয় বিবেচনায় প্রবেশের সময় গেট সীমিত রাখা হলেও নামাজ শেষে দ্রুত প্রস্থানের জন্য সব গেট খুলে দেওয়া হবে বলে জানান তিনি।

এছাড়া আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

দেশবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সংশ্লিষ্টরা সবাইকে নির্ধারিত সময়ের আগে ঈদগাহে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন এবং আয়োজন সফল করতে নগরবাসী ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছেন।