স্টাফ রিপোর্টার | ২০ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
মধ্যপ্রাচ্যে চলমান ইসরাইল-ইরান সংঘাত ক্রমেই জটিল আকার ধারণ করছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, চলমান যুদ্ধে ইরানের ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে এবং দেশটির নেতৃত্বে এখন কারা আছেন তা স্পষ্ট নয়।
জেরুজালেম থেকে বার্তাসংস্থা এএফপি জানায়, যুদ্ধ শুরুর তিন সপ্তাহ পার হতে চললেও পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। নেতানিয়াহু বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ধ্বংস হয়ে গেছে।
তিনি আরও দাবি করেন, ইরানের শীর্ষ নেতৃত্বে বিভাজন তৈরি হয়েছে। এমনকি নতুন নেতৃত্ব নিয়েও অনিশ্চয়তার কথা উল্লেখ করে বলেন, “এখন ইরান কে পরিচালনা করছে, তা আমি নিশ্চিত নই।”
অন্যদিকে, ইরানের পক্ষ থেকে এই দাবির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অবকাঠামোতে নতুন করে হামলা হলে তেহরান আর কোনো সংযম দেখাবে না।
এদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি এবং আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় দেশটিতে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে।
ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতারা জ্বালানি ও পানি সরবরাহ ব্যবস্থায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ইউরোপমুখী অনিয়ন্ত্রিত অভিবাসন ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেছেন তারা।
সংঘাতের প্রভাব বিশ্ব জ্বালানি বাজারেও স্পষ্ট হয়ে উঠেছে। উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস স্থাপনাগুলোতে সম্ভাব্য হামলার আশঙ্কায় বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম একপর্যায়ে ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৯ ডলারে পৌঁছায়, পরে তা কমে ১১০ ডলারে নেমে আসে। ইউরোপে গ্যাসের দাম প্রায় এক-তৃতীয়াংশ বেড়েছে।
কাতারের রাস লাফান গ্যাস কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাতার এনার্জি। প্রতিষ্ঠানটির আশঙ্কা, এই ক্ষতি কাটিয়ে উঠতে পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে এবং বছরে প্রায় ২০ বিলিয়ন ডলার রাজস্ব হারানোর ঝুঁকি রয়েছে।
এছাড়া সৌদি আরব ও কুয়েতের একাধিক তেল শোধনাগারেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। সৌদি সরকার জানিয়েছে, তারা এই হামলার জবাব দেওয়ার অধিকার রাখে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সাউথ পার্স গ্যাস ফিল্ডে ইসরাইলের হামলার বিষয়ে তিনি আগে থেকে অবগত ছিলেন না। তবে তিনি নতুন করে এ ধরনের হামলা না চালাতে ইসরাইলকে অনুরোধ জানিয়েছেন।
বিশ্বশক্তিগুলো হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার কথা বললেও এখনো কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ করেনি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এই সংঘাতকে ‘বেপরোয়া উত্তেজনা’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছেন।
পরিস্থিতি পর্যবেক্ষকরা মনে করছেন, সংঘাত দ্রুত সমাধান না হলে এটি বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।





