রেলের সেবার মান বাড়াতে কঠোর ব্যবস্থা, কালোবাজারি ঠেকাতে উদ্যোগ

টিকিটিং ব্যবস্থায় স্বচ্ছতা আনতে সফটওয়্যার উন্নয়ন, সব ট্রেনে চালু হবে ওয়াইফাই সেবা

স্টাফ রিপোর্টার | ২০ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, রেলওয়েকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য ও জনপ্রিয় করতে ট্রেনের সেবার মান বাড়ানো এবং টিকিট কালোবাজারি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেবার মান বৃদ্ধি ও অব্যবস্থাপনা দূর করার ওপর সরকার জোর দিচ্ছে।

শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে রেলওয়ের আধুনিকায়নের কাজ চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশে ট্রেনে ওয়াইফাই সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে তিনটি ট্রেনে এ সেবা চালু রয়েছে এবং পর্যায়ক্রমে সব ট্রেনেই তা চালু করা হবে।

ট্রেন দুর্ঘটনা ও নিরাপত্তা বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্রেনকে নিরাপদ বাহন হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী চান ট্রেন যেন সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে একটি জনপ্রিয় পরিবহন হয়ে ওঠে। মানুষের দোরগোড়ায় রেলসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে।

চট্টগ্রাম রেল স্টেশন নিয়েও সরকারের বিশেষ উন্নয়ন পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

রেলের লোকসান কমিয়ে লাভজনক করার বিষয়ে তিনি বলেন, অব্যবস্থাপনা ও অপচয়ের ক্ষেত্রগুলো চিহ্নিত করা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে রেলকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের কাজ চলছে।

টিকিট বিক্রির সফটওয়্যারে ত্রুটি ও কালোবাজারি প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে এবং এ নিয়ে ইতোমধ্যে বৈঠক করা হয়েছে। সফটওয়্যারের সীমাবদ্ধতার কারণে টিকিট দ্রুত শেষ হয়ে যাওয়া এবং পরে বেশি দামে বিক্রির অভিযোগ রয়েছে। এ অবস্থা কাটাতে টিকিটিং ব্যবস্থা আরও স্বচ্ছ ও কার্যকর করতে কাজ চলছে।

তিনি আরও জানান, টিকিট নিয়ে যেন কোনো অভিযোগ না থাকে, সেজন্য সফটওয়্যার উন্নয়ন ও সিস্টেম ডেভেলপমেন্টের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কালোবাজারি বা দুর্নীতির সুযোগ না থাকে।

ঈদের ট্রেন যাত্রা নিয়ে যাত্রীদের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, সামগ্রিকভাবে অভিব্যক্তি ভালো থাকলেও কানেক্টিং ট্রেনগুলোতে বিলম্বের কারণে কিছু ভোগান্তি হয়েছে। বিশেষ করে ময়মনসিংহ, জামালপুর ও সিলেট থেকে আসা যাত্রীরা এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, যাত্রীদের এ ভোগান্তির বিষয়টি গুরুত্বসহকারে নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে রেল স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী এবং তাদের কাছ থেকে ট্রেন যাত্রার অভিজ্ঞতা সম্পর্কে জানেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের যাত্রীসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।