স্টাফ রিপোর্টার, ২০ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ করে অকটেন সংকট দেখা দিয়েছে। শুক্রবার সকাল থেকে তেজগাঁও, দুপুরে মালিবাগ এবং বনশ্রী এলাকার একাধিক ফিলিং স্টেশনে গিয়ে তেল না পেয়ে ফিরে যাচ্ছেন ভুক্তভোগীরা।
সংশ্লিষ্ট সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, অনেক পাম্পে অকটেন সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তেল নিতে গেলে পাম্প কর্তৃপক্ষ ‘তেল নেই’ বলে গ্রাহকদের ফিরিয়ে দিচ্ছে। এতে করে জরুরি কাজে বের হওয়া ব্যক্তিরা পড়েছেন চরম ভোগান্তিতে।
এদিকে, সকাল থেকেই মুষলধারে বৃষ্টি ও কালবৈশাখী আবহাওয়ার কারণে নগরজীবন স্থবির হয়ে পড়েছে। এর মধ্যেই তেল সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অনেকেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে পাম্পে গিয়েও খালি হাতে ফিরতে বাধ্য হচ্ছেন, যা জনদুর্ভোগকে বাড়িয়ে দিয়েছে।
একাধিক ভুক্তভোগী জানান, বৃষ্টির মধ্যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও তেল পাননি তারা। কোথাও কোথাও সীমিত পরিমাণ তেল থাকলেও তা সাধারণ গ্রাহকদের কাছে বিক্রি না করে অন্য খাতে সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহে সাময়িক বিঘ্ন বা লজিস্টিক সমস্যার কারণে এমন পরিস্থিতি তৈরি হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে রাজধানীতে যানবাহন চলাচলসহ নিত্যদিনের কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়তে পারে।





