স্টাফ রিপোর্টার | ২০ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এই ঈদ উৎসব জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে প্রধানমন্ত্রী এ প্রত্যাশার কথা জানান। তিনি বলেন, “পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।” তিনি উল্লেখ করেন, ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি, যা মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।
প্রধানমন্ত্রী আরও বলেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা দেয়। এই সাধনা মানুষকে আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়, যা সমাজে সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব জাগ্রত করে। তিনি বলেন, “রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র জীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য।”
তিনি সকলকে ধনী-গরিব ভেদাভেদ ভুলে ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, “এই আনন্দের দিনে আমরা যেন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি—এটাই হোক আমাদের অঙ্গীকার।”
বাণীতে প্রধানমন্ত্রী আরও আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল ফিতর দেশের জাতীয় ঐক্য, সম্প্রীতি ও সহমর্মিতাকে আরও শক্তিশালী করবে এবং সবাইকে একটি মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে একযোগে কাজ করার অনুপ্রেরণা দেবে।
শেষে তিনি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করে বলেন, ঈদের আনন্দ, রহমত ও বরকত যেন সবার জীবনে বর্ষিত হয় এবং দেশ ও জাতি শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যায়।





