স্টাফ রিপোর্টার, ২৩ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘অষ্টম নেকোস (NECOS) আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে’ বিকেএসপির কৃতি জুডোকাদের অসাধারণ সাফল্যে এবং ফাবিহা বুশরা টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও সাবেক তারকা ফুটবলার ।
ঢাকায় দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের জুডোকাদের ধারাবাহিক এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি বড় মাইলফলক। বিশেষ করে ফাবিহা বুশরা যেভাবে মাত্র ৪ সেকেন্ড ও ৩০ সেকেন্ডের মধ্যে প্রতিপক্ষকে পরাজিত করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন, তা গর্বের বিষয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, ফাবিহা বুশরা, শাহিন আহমেদ, আজিজা আলেয়া লিয়ন ও উসাচিং মারমার স্বর্ণপদক জয় এবং রেমি হাসির ব্রোঞ্জ পদক অর্জন দেশের তরুণ ক্রীড়াবিদদের আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
তিনি জানান, বিকেএসপির ৬ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রত্যেকেই দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। এ সাফল্যের জন্য খেলোয়াড়দের পাশাপাশি দলের ম্যানেজার, কোচ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান তিনি।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, সরকারের ক্রীড়া উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে এই তরুণ ক্রীড়াবিদরাই অলিম্পিকের মতো বড় আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
উল্লেখ্য, নেপালের জাতীয় জুডো সংস্থার আয়োজনে কাঠমান্ডুর নয়া বাজারে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বাগতিক নেপালের ১৫টি ক্লাবসহ বাংলাদেশ ও ভুটানের প্রায় ৩০০ জন জুডোকা অংশগ্রহণ করেন।





