স্টাফ রিপোর্টার, ২৩ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্থানীয় মানুষের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রায় দেড় কিলোমিটার খাল খনন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এ কর্মসূচি চলে।
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ: উপজেলার খামাবিল ও গোলডুবা বিলের সংযোগ খাল খননের উদ্যোগ নেয় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচি উদ্বোধনের পর এ উদ্যোগ গ্রহণ করেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন।
সোমবার সকাল থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে খাল খনন কাজে অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য টি-শার্ট, দুপুরের খাবার, মুড়ি-বাতাসা এবং আদা চায়ের ব্যবস্থা করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির স্লোগান ছিল— “আপনি হাত লাগালেই বদলে যাবে দেশ, সবার আগে বাংলাদেশ।”
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। তিনি কোদাল দিয়ে মাটি কেটে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন এবং উদ্বোধন শেষে খালের পাড়ে একটি গাছ রোপণ করেন।
বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে।





