উন্নয়ন কর্মসূচিতে বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার: তথ্যমন্ত্রী

সামাজিক সুরক্ষা থেকে অর্থনীতি—সব খাতে অগ্রগতির চিত্র তুলে ধরলেন মন্ত্রী

স্টাফ রিপোর্টার | ২৬ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন সরকারের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি তুলে ধরে বলেছেন, সরকার সামাজিক সুরক্ষা, অর্থনীতি, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও রাষ্ট্রীয় মূল্যবোধের প্রতিটি অঙ্গনকে স্পর্শ করার লক্ষ্যে বহুমুখী উদ্যোগ ও কর্মসূচি বাস্তবায়ন করছে।

আজ (বুধবার) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সরকারের গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপগুলো তুলে ধরেন তিনি।

এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান এবং তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী জানান, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেশে ৪ কোটি ১০ লাখ পরিবার রয়েছে। প্রতিটি পরিবারের প্রধান নারী সদস্যকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। ইতোমধ্যে পাইলট প্রকল্পের আওতায় ৩৭ হাজারের বেশি পরিবারকে এই কার্ড দেওয়া হয়েছে এবং তারা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা পাবে। পর্যায়ক্রমে দেশের সব পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে।

ধর্মীয় সেবকদের কল্যাণে ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের সেবকদের জন্য সম্মানী ভাতা চালু করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

কৃষিখাতে ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ, সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন, শ্রমিকদের বকেয়া পরিশোধে ২ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ, স্বাস্থ্যখাতে ই-হেলথ কার্ড ও নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ—এসব উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বৈশ্বিক চাপ থাকলেও সরকার এখন পর্যন্ত জ্বালানির দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি এবং গুজব থেকে বিরত থাকতে জনগণের প্রতি আহ্বান জানান।

এছাড়া বিদেশি বিনিয়োগ সহজীকরণ, নারী নিরাপত্তা, পিঙ্ক বাস চালু, ক্রীড়া শিক্ষাকে বাধ্যতামূলক করা, কৃষকদের ঋণ মওকুফসহ নানা উদ্যোগের কথাও ব্রিফিংয়ে উল্লেখ করা হয়।

তথ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, সরকারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা জনগণের সহযোগিতায় সফল হবে।