স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সাক্ষাৎ, পাচার হওয়া অর্থ ফেরতে সহযোগিতার আশ্বাস

আইন-শৃঙ্খলা, পুলিশ সংস্কার ও ডিজিটাল প্রতারণা দমনে জোর দুই দেশের

স্টাফ রিপোর্টার | ২৬ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আশ্বাস দিয়েছে সুইজারল্যান্ড।

আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, সংসদীয় গণতন্ত্রের চর্চা, পুলিশ সংস্কার, মানি লন্ডারিং প্রতিরোধ, ডিজিটাল প্রতারণা রোধ, পাচার হওয়া অর্থ ফেরত, পারস্পরিক আইনগত সহায়তা চুক্তি এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রকৃত সংসদীয় গণতন্ত্রের চর্চা নিশ্চিত করা। তিনি অতীতের শাসনামলে পুলিশের অপব্যবহারের সমালোচনাও করেন।

রাষ্ট্রদূত রেটো রেংগলি বাংলাদেশে পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও সংস্কারে কারিগরি ও কৌশলগত সহযোগিতার আশ্বাস দেন। তিনি সংসদকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন এবং গণতান্ত্রিক চর্চায় শান্তিপূর্ণ বিতর্কের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

সাম্প্রতিক ‘গ্লোবাল ফ্রড সামিট ২০২৬’-এর অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী জানান, বিশ্বে মোট প্রতারণার প্রায় ৪০ শতাংশ এখন ডিজিটাল স্ক্যাম। এ সমস্যা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশে সন্ত্রাসবাদ পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে উগ্রবাদ সীমিত থাকলেও তা সন্ত্রাসবাদে রূপ নেয়নি এবং আইনশৃঙ্খলা বাহিনী দক্ষতার সঙ্গে তা মোকাবিলা করছে।

অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। রাষ্ট্রদূত এ বিষয়ে একমত পোষণ করেন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও সুইস দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রীর সঙ্গে ইউএনওডিসি’র আঞ্চলিক পরিচালকের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।