স্বাধীনতা দিবসে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শেরেবাংলা নগরে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ মোনাজাতে অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার, ২৬ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার মাজারে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান হিসেবে দলের নেতা-কর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর সন্তানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী ও উপস্থিত নেতাকর্মীরা।

স্বাধীনতা দিবস উপলক্ষে এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে মাজার প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।