সচিবালয়ে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, বৈশাখে চালু হচ্ছে কৃষক কার্ড কর্মসূচি

১১ উপজেলায় প্রথম ধাপে ২১ হাজার প্রান্তিক কৃষক পাবেন বিশেষ সুবিধা

স্টাফ রিপোর্টার, ২৯ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

নিজ কার্যালয়ে না গিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমানে তিনি সচিবালয়ে অবস্থান করছেন এবং কৃষক কার্ড কর্মসূচি সংক্রান্ত সর্বশেষ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করছেন।

জানা গেছে, বর্তমান সরকারের বিশেষ উদ্যোগ হিসেবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি আগামী পহেলা বৈশাখ টাঙ্গাইল থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে ১১টি উপজেলার প্রায় ২১ হাজার প্রান্তিক কৃষক এই সুবিধার আওতায় আসবেন।

এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা কৃষি ঋণ, সার, বীজসহ বিভিন্ন ধরনের সরকারি সুযোগ-সুবিধা একত্রে পাবেন। বর্তমানে কৃষক কার্ড সংক্রান্ত সর্বশেষ প্রস্তুতি সভা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত হচ্ছে। সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবরা উপস্থিত রয়েছেন। সভায় কৃষক কার্ডের একটি ডেমো উপস্থাপন করা হবে বলে জানা গেছে। এরপরই কার্ডটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে।

এর আগে সচিবালয়ে প্রবেশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ দপ্তরে না গিয়ে আকস্মিকভাবে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন। তিনি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পায়ে হেঁটে সচিবালয়ের ছয় নম্বর ভবনে যান এবং সেখানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় পরিদর্শন করেন। এছাড়াও নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঘুরে দেখেন।

পরে পাঁচ নম্বর ভবনে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং তিন নম্বর ভবনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয় আকস্মিকভাবে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরিদর্শন শেষে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে ফিরে কৃষক কার্ড সংক্রান্ত প্রস্তুতি সভায় যোগ দেন।

সভা শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গণমাধ্যমকে সিদ্ধান্তগুলো জানাবেন বলে জানা গেছে। সভা শেষ হলে কৃষক কার্ডের সুবিধা ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।