স্টাফ রিপোর্টার | ২৯ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
দেশের গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে বাসে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এতে আইন লঙ্ঘন ও ফিটনেসবিহীন যানবাহন সহজে শনাক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
রোববার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা জোরদারে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভা শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বাসে জিপিএস স্থাপন করা হলে কোথাও আইন লঙ্ঘন হচ্ছে কি না তা দ্রুত শনাক্ত করা যাবে। একইসঙ্গে ফিটনেসবিহীন গণপরিবহন চিহ্নিত করাও সহজ হবে।
তিনি আরও জানান, হাইওয়ে পুলিশকে সামনে আরও সক্রিয় রাখা হবে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও কঠোর নজরদারি থাকবে।
ঈদযাত্রা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সার্বিকভাবে এবারের যাত্রা স্বস্তিদায়ক ছিল। তবে কিছু স্থানে যানজট ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তিনি অভিযোগ করেন, ঈদের আগে ও পরে তিনদিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ থাকার কথা থাকলেও তা মানা হয়নি। ফলে কিছু এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
এছাড়া আগামীতে মহাসড়কের পাশে যত্রতত্র টিকিট কাউন্টার স্থাপন করা যাবে না বলেও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, আগের বছরের তুলনায় এ বছর সড়ক দুর্ঘটনার সংখ্যা কমেছে, যা সরকারের চলমান পদক্ষেপের ইতিবাচক ফল।





