বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত, একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ পর্যালোচনা

অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংশোধনী অধ্যাদেশ দ্রুত সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত


স্টাফ রিপোর্টার | ৩০ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

জাতীয় সংসদ কর্তৃক গঠিত বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক কমিটির সভাপতি জয়নুল আবেদীন এমপি’র সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

রোববার অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি, চীফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি, ড. মুহাম্মদ ওসমান ফারুক এমপি, এ. এম. মাহবুব উদ্দিন এমপি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি, মুহাম্মদ নওশাদ জমির এমপি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এমপি, মো. মুজিবুর রহমান এমপি, মো. রফিকুল ইসলাম খান এমপি এবং জি. এম. নজরুল ইসলাম এমপি। এছাড়া বিশেষ কমিটির আমন্ত্রণে মোহাম্মদ নাজিবুর রহমান এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে ছিল—দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫, নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫, বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ ২০২৬, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ ২০২৬, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ ২০২৫, তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশ ২০২৬, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ ২০২৫, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ ও এর সংশোধনী, কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স ২০২৫, জাতীয় মানবাধিকার কমিশন সম্পর্কিত একাধিক অধ্যাদেশ, গণভোট অধ্যাদেশ ২০২৫, স্থানীয় সরকার ও বিভিন্ন পরিষদ সংশোধনী অধ্যাদেশসমূহ, মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ ২০২৫, রাজস্ব ও কর সংক্রান্ত বিভিন্ন সংশোধনী অধ্যাদেশসহ ব্যাংক রেজল্যুশন ও পাবলিক প্রকিউরমেন্ট সংশোধনী অধ্যাদেশ ২০২৫।

কমিটি এসব অধ্যাদেশের প্রয়োজনীয়তা ও যথার্থতা পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে একটি প্রতিবেদন আকারে জাতীয় সংসদের অধিবেশনে উপস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে।

বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।