প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান–এর সৌজন্য সাক্ষাৎ

জানাজা শেষে সংক্ষিপ্ত বৈঠক, সৌজন্য আচরণে আবারও নজর কাড়লেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | ৩০ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ সোমবার দুপুরে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তাঁর কার্যালয়ে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ–এর সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা নামাজে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা পাশাপাশি অংশ নেন। জানাজা শেষে তারা একসঙ্গে সংসদ ভবনের দিকে হাঁটছিলেন।

এ সময় বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী তাঁকে সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে আমন্ত্রণ জানান।

আতিকুর রহমান রুমন আরও জানান, সাক্ষাৎটি ছিল সংক্ষিপ্ত; প্রায় ২০ মিনিট দুই নেতার মধ্যে আলাপ হয়। পরে ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয় ত্যাগ করেন। এ সময় প্রধানমন্ত্রী সৌজন্যবশত তাঁকে কিছুটা পথ এগিয়ে দেন।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী সবসময়ই সবাইকে যথাযথ সম্মান ও সৌজন্যতা প্রদর্শন করেন। জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং সরকার গঠনের পর বিভিন্ন অনুষ্ঠানে তাঁর এই সৌজন্যমূলক আচরণ সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। আজকের ঘটনাও সেই ধারাবাহিকতারই বহিঃপ্রকাশ।