স্টাফ রিপোর্টার | ৩০ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
দেশের আইনশৃঙ্খলা বজায় রাখা এবং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে পুলিশ সদস্যদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ অব্যাহত রয়েছে। পাশাপাশি পুলিশে হেলিকপ্টার সংযোজন, আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, উন্নতমানের যানবাহন ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের কাজ চলমান রয়েছে।
আজ জাতীয় সংসদে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফকরুল ইসলামের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখা এবং জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সময়োপযোগী নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে বাংলাদেশ পুলিশ শান্তি ও শৃঙ্খলা রক্ষা এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হয়েছে।
তিনি জানান, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পুলিশ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে মানবাধিকার সমুন্নত রেখে নিরাপত্তা নিশ্চিত করা, বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতি প্রয়োগ এবং জনগণের সেবা সহজ করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ।
এছাড়া, জরুরি সেবা দ্রুত পৌঁছে দিতে ‘ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯’-এর কার্যক্রমও অব্যাহতভাবে পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।





