বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে সংসদীয় কূটনীতির ওপর গুরুত্ব

স্পিকার ও ভারতের হাইকমিশনারের বৈঠকে সহযোগিতা ও অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান


স্টাফ রিপোর্টার | ১৩ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বাংলাদেশ ও ভারতের বিদ্যমান সুসম্পর্ককে আরও শক্তিশালী করতে সংসদীয় কূটনীতির ভূমিকা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম এবং ঢাকায় নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা-র মধ্যে অনুষ্ঠিত এক সৌ৮জন্য সাক্ষাতে এই বিষয়টি উঠে আসে।

আজ (সোমবার) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ অংশীদারিত্ব নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি তৈরি হয়। তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধে ভারত সরকারের সর্বাত্মক সহায়তা এই সম্পর্ককে আরও গভীর করেছে।

তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে নিকটতম প্রতিবেশী দেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সভাপতি পদে মনোনয়নে ভারতের সমর্থন প্রতিবেশীসুলভ সহযোগিতা ও উদার মনোভাবের প্রতিফলন।

স্পিকার বর্তমান সংসদকে প্রাণবন্ত উল্লেখ করে বলেন, বিরোধী দল সক্রিয় ভূমিকা পালন করছে। সংসদীয় সম্পর্ক জোরদারে সম্ভাবনাময় ক্ষেত্রগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

অন্যদিকে প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও সুদৃঢ় করতে সংসদীয় মৈত্রী গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রতিনিধিদল বিনিময়ের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়া সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, সংযোগ উন্নয়ন এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে ইতিবাচক ও গঠনমূলক আলোচনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এসময় হাইকমিশনার স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান এবং ভারত সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংসদ সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।