হরমুজ প্রণালি ঘিরে নতুন উত্তেজনা: অবরোধ চললে বন্ধের হুমকি ইরানের

শান্তি চুক্তির আশার মধ্যেও পাল্টাপাল্টি অবস্থান, প্রভাব পড়ছে তেল ও শেয়ারবাজারে

স্টাফ রিপোর্টার | ১৮ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত রাখলে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবার বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। শনিবার দেশটি এ সতর্কবার্তা দেয়। লেবাননে যুদ্ধবিরতির পর প্রণালিটি পুনরায় চালুর কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘোষণা আসে।

বার্তা সংস্থা এএফপি জানায়, প্রণালিটি চালু হওয়ায় শুক্রবার বিশ্ব শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়ে এবং ওয়াশিংটনে আশাবাদ তৈরি হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, একটি শান্তি চুক্তি ‘খুব কাছাকাছি’ পর্যায়ে রয়েছে। তিনি দাবি করেন, আলোচনার গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হয়েছে।

তবে এই দাবি নাকচ করেছে ইরান। দেশটি স্পষ্ট জানিয়েছে, তাদের ইউরেনিয়ামের মজুত কোথাও হস্তান্তর করা হবে না।

ইরান আরও সতর্ক করে বলেছে, মার্কিন যুদ্ধজাহাজ যদি তাদের বন্দর থেকে আসা জাহাজগুলোকে বাধা দেয়, তাহলে আবারও হরমুজ প্রণালি বন্ধ করা হতে পারে। বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল ও তরল প্রাকৃতিক গ্যাস এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক মাধ্যমে বলেন, “অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না।”

তিনি আরও জানান, এ প্রণালিতে চলাচলের জন্য ইরানের অনুমতি প্রয়োজন হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেন, “হরমুজ প্রণালি খোলা বা বন্ধের সিদ্ধান্ত বাস্তব পরিস্থিতির ওপর নির্ভর করে। আমাদের সশস্ত্র বাহিনী জানে কীভাবে প্রতিক্রিয়া জানাতে হয়।”

তিনি আরও বলেন, “যাকে তারা নৌ অবরোধ বলছে, তা যুদ্ধবিরতির লঙ্ঘন। এর যথাযথ জবাব ইরান দেবে।”

এদিকে, ট্রাম্প দিনটিকে ‘চমৎকার ও অসাধারণ’ হিসেবে উল্লেখ করে পাকিস্তান ও উপসাগরীয় মিত্রদের মধ্যস্থতার প্রশংসা করেন। একই সঙ্গে প্রণালির নিরাপত্তায় ন্যাটোকে ‘দূরে থাকতে’ বলেন।

এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা একটি চুক্তির খুব কাছাকাছি আছি। এখন আর কোনো অমীমাংসিত বিষয় নেই।”

সম্ভাব্য শান্তি চুক্তির আশায় তেলের দাম কমতে শুরু করেছে। শুক্রবার তা আরও কমে যায় এবং বিশ্ব শেয়ারবাজারেও ইতিবাচক প্রবণতা দেখা যায়।

যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল বিক্রির ওপর আরও একটি ছাড় দিয়েছে, যা বিশ্ববাজারে সরবরাহ বাড়িয়ে তেলের দাম আরও কমাতে পারে।

লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির সুযোগে বাস্তুচ্যুত মানুষ দক্ষিণ বৈরুতসহ ক্ষতিগ্রস্ত এলাকায় ফিরতে শুরু করেছে।

৩৭ বছর বয়সী আমানি আত্রাশ বলেন, “আমাদের অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব না। এটা গর্ব ও বিজয়ের অনুভূতি।”

ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইসরাইলকে নতুন করে হামলা চালাতে নিষেধ করেছে এবং লেবাননের সঙ্গে কাজ করে পরিস্থিতি সমাধানের চেষ্টা করা হবে।

গত ২ মার্চ, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে আলি খামেনি নিহত হওয়ার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ ইসরাইলের দিকে রকেট নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা কিছু বিধিনিষেধ শিথিল করছে। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান এখনো শেষ হয়নি।

তিনি বলেন, “আমরা এখনো আমাদের লক্ষ্য অর্জন করিনি।”

ইসরাইল সতর্ক করে বলেছে, নির্দিষ্ট এলাকা থেকে হিজবুল্লাহ যোদ্ধারা সরে না গেলে আবার সামরিক অভিযান শুরু হতে পারে।

অন্যদিকে, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, তার দেশকে আর কোনো বাইরের শক্তির সংঘাতের ক্ষেত্র হতে দেওয়া হবে না।

এদিকে, হিজবুল্লাহ জানিয়েছে, ইসরাইলের যেকোনো লঙ্ঘনের জবাব দিতে তারা প্রস্তুত রয়েছে।