উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদারে দিকনির্দেশনা, ৬ চিকিৎসককে সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার | ১৮ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) নিয়ে আয়োজিত সম্মেলনে যোগ দিয়েছেন তারেক রহমান।

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজিত এ সম্মেলনে তিনি অংশ নেন।

স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কার্যক্রমকে আরও যুগোপযোগী করা, সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা এবং সরকারের নির্দেশনা মাঠপর্যায়ের চিকিৎসকদের কাছে পৌঁছে দিতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলনে উপস্থিত রয়েছেন মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাস, সরদার মো. সাখাওয়াত হোসেন এবং ড. এম এ মুহিতসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এ সময় শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত জরুরি সেবা ক্যাটাগরিতে মনোনীত ৬ জন চিকিৎসকের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী।

সম্মাননা পাওয়া চিকিৎসকরা হলেন—ডা. শোভন কুমার, ডা. আল মোরশেদ, ডা. মুজিবুর রহমান, ডা. সাজিদ হাসান, ডা. সুমন ক্লান্তি সাহা ও ডা. তাসনিম জুবায়ের।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে এটিই প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক বলে জানা গেছে।