স্টাফ রিপোর্টার | ১৯ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
আজ রোববার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে তারা এই সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে জ্বালানি তেলের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন মন্ত্রীরা।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জ্বালানি মন্ত্রী বলেন, বিশ্ব বর্তমানে এক ধরনের যুদ্ধকালীন অবস্থার মধ্যে রয়েছে।
এর প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বেড়েছে।
তিনি উল্লেখ করেন, আমেরিকাও তেলের দাম বৃদ্ধি করেছে।
মন্ত্রী আরও জানান, যুদ্ধ শুরুর পর আমদানি করা তেলের স্টকের দামের তুলনায় কম দামে দেশে মূল্য সমন্বয় করা হচ্ছে।
বৈদেশিক মুদ্রায় তেল কিনতে হওয়ায় এই সমন্বয় করা বাধ্যতামূলক হয়ে পড়েছে, যাতে পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখা যায়।
ভর্তুকি বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও ভর্তুকি রয়েছে, তবে সঠিক হিসাব জানতে হলে মন্ত্রণালয়ের তথ্য দেখতে হবে।
তিনি আরও বলেন, যুদ্ধের কারণে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বই প্রভাবিত হয়েছে এবং এর প্রভাব দেশের ওপরও পড়ছে।





