স্টাফ রিপোর্টার | ২০ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন। বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নিতে আজ সোমবার সকালে তিনি সেখানে যান।
সকাল ৯টা ৫৮ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছায় প্রধানমন্ত্রীর গাড়িবহর। এ সময় জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
এর আগে সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে রওনা দেন প্রধানমন্ত্রী। সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সঙ্গে রয়েছেন। বগুড়ায় পৌঁছালে তাঁকেও ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বগুড়ায় পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা শেষে তিনি আদালত প্রাঙ্গণে যাবেন এবং দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, সকাল ১১টায় বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন এবং ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে সাড়ে ১১টায় বগুড়া পৌর ভবনে নবগঠিত সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন।
দুপুর ১২টা ৪৫ মিনিটে গাবতলী উপজেলার বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করবেন তিনি। এরপর দুপুর দেড়টায় শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।
এছাড়া দুপুর ১টা ৪৫ মিনিটে বাগবাড়ী নশিপুর এলাকায় চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন এবং বেলা আড়াইটায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
বিকেল সাড়ে ৩টায় সার্কিট হাউসে স্বল্প সময়ের যাত্রাবিরতি শেষে বিকেল ৪টায় আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি।
এছাড়া বিকেল ৫টা ৪৫ মিনিটে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন এবং ৫টা ৫০ মিনিটে বগুড়া বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করার কথা রয়েছে।
সব কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টায় সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।





