স্টাফ রিপোর্টার | ২০ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ।
সোমবার সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় মন্ত্রী বলেন, জার্মানি বাংলাদেশের একটি বড় উন্নয়ন অংশীদার। বর্তমান সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। পানিসম্পদের সঠিক ব্যবস্থাপনা, নদীর দূষণ প্রতিরোধ, বন্যা ও জলাবদ্ধতা নিরসনে জার্মানির সহযোগিতা কামনা করেন তিনি।
রাষ্ট্রদূত রুডিগার লোটজ বলেন, বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করতে আগ্রহী জার্মানি। তিনি এ খাতে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহও প্রকাশ করেন।
সাক্ষাতে দু’দেশের মধ্যে পানি সম্পদ ব্যবস্থাপনা, ভূ-উপরিস্থ ও ভূগর্ভস্থ পানির সঠিক ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন এবং জার্মান দূতাবাসের হেড অব ডেভেলপমেন্ট উলিশ ক্লেপমান উপস্থিত ছিলেন।





