স্টাফ রিপোর্টার | ২১ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া-র মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে কাজ করছে এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগকে বিশেষভাবে উৎসাহিত করছে।
তিনি জানান, বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠান সচল রাখা, নতুন শিল্প স্থাপন এবং কর্মসংস্থান সৃষ্টি বর্তমানে সরকারের অগ্রাধিকার। প্রায় ৭ বিলিয়ন ডলারের সম্পদসমৃদ্ধ শিল্পখাতকে কার্যকর করা এবং বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করাও সরকারের অন্যতম লক্ষ্য।
এ সময় তিনি সৌর বিদ্যুৎ উৎপাদন খাতে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বর্তমানে প্রায় ৫ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলার, যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে বিনিয়োগের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে এবং এ লক্ষ্যে অস্ট্রেলিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সম্ভাব্য সহযোগিতা খতিয়ে দেখছে।
তিনি জানান, বর্তমানে প্রায় ২৮ হাজার বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত রয়েছে, যা দেশটিকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত করেছে।
বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, শিক্ষা, বৃত্তি, ট্রেড নেগোশিয়েশন এবং অবকাঠামো খাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান উপস্থিত ছিলেন।





