স্টাফ রিপোর্টার | ২১ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, ইকো-ট্যুরিজমের প্রসারে বাংলাদেশ ও কানাডা একযোগে কাজ করার বড় সুযোগ রয়েছে। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায়ও দুই দেশের সহযোগিতা গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করছে এবং সরকার দুর্গম এলাকাতেও নাগরিক সেবা পৌঁছে দিতে কাজ করছে।
তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নে কানাডা দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও পরিবেশ সুরক্ষা, বনায়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন ও কর্মসংস্থানে কানাডার সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন।
বৈঠকে সুশাসন প্রতিষ্ঠা, পর্যটন শিল্পের আধুনিকায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং নারী ক্ষমতায়নে যৌথ অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।
কানাডিয়ান হাইকমিশনার বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে পার্বত্য অঞ্চলের উন্নয়নে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে উভয় দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





