স্টাফ রিপোর্টার, ২২ এপ্রিল ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ সকাল ১১টায় বোয়িং উড়োজাহাজ ক্রয় সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় Biman Bangladesh Airlines-এর বহর ২০৩৪–৩৫ অর্থবছরের মধ্যে ৪৭টি উড়োজাহাজে উন্নীত করার সম্ভাব্য রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ লক্ষ্যে Boeing-এর উড়োজাহাজ সংযোজনের বিষয়টি পর্যালোচনা করা হয়। পাশাপাশি পূর্ববর্তী সরকারের সময়ে গৃহীত উদ্যোগ নিয়েও সভায় আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, এমপি বলেন, প্রতিটি উড়োজাহাজ সংযোজনের আগে রুটভিত্তিক আয়-ব্যয়ের (Revenue Analysis) আলোকে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন। তিনি বলেন, সময়োপযোগী ও বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আরও লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি বলেন, বোয়িং উড়োজাহাজ সংযোজনের বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়াসমূহ এগিয়ে নেওয়ার জন্য কার্যক্রম চলমান রাখতে হবে। তিনি সরবরাহ প্রক্রিয়ার সময়োপযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং বিদ্যমান পরিকল্পনার আলোকে বর্তমান সরকারের সময়কালে নতুন উড়োজাহাজ বহরে অন্তর্ভুক্তির লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়া তিনি ঢাকা–নারিতা রুটে ফ্লাইট পরিচালনা পুনরারম্ভের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি; Biman Bangladesh Airlines-এর ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





