তেজগাঁওয়ে মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের সম্পত্তি পরিদর্শনে মন্ত্রী-প্রতিমন্ত্রী

পরিত্যক্ত সম্পত্তির কার্যকর ব্যবহারে গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার, ২২ এপ্রিল ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

ঢাকা: রাজধানীর তেজগাঁও এলাকায় অবস্থিত মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন সম্পত্তি পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আজম খান, এমপি এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি।

বুধবার (২২ এপ্রিল) তারা তেজগাঁওয়ের ১৫৫-১৫৬ নম্বর এলাকায় অবস্থিত মেটাল প্যাকেজেস লিমিটেড-এর জায়গা সরেজমিনে পরিদর্শন করেন।

উল্লেখ্য, মেটাল প্যাকেজেস লিমিটেড মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের নিজস্ব সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত একটি শিল্প প্রতিষ্ঠান, যা প্রায় ২ একর জমির ওপর গড়ে উঠেছিল। তবে বিভিন্ন কারণে প্রতিষ্ঠানটি ১৯৯০ সালে বন্ধ হয়ে যায় এবং দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

পরিদর্শনকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রী উক্ত ভূমির যথাযথ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত এই সম্পত্তি দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ ও দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও তারা জানান।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সম্পত্তির বর্তমান অবস্থা সম্পর্কে মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট, আহমেদ আজম খান, ইশরাক হোসেন, তেজগাঁও, মেটাল প্যাকেজেস লিমিটেড, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, সরকারি সম্পত্তি, শিল্প প্রতিষ্ঠান, সম্পত্তি পরিদর্শন, ঢাকা