জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটির প্রস্তাব

সরকার–বিরোধী দল একসঙ্গে কাজের আহ্বান, ৫ জন করে সদস্য মনোনয়নের অনুরোধ


স্টাফ রিপোর্টার | ২৩ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

দেশের চলমান জ্বালানি সংকটের ‘যৌক্তিক সমাধান’ খুঁজতে জাতীয় স্বার্থে ১০ সদস্যের একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে তিনি বিরোধী দলকেও পাঁচজন সদস্যের নাম দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনায় সরকারি দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, প্রস্তাবিত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

প্রধানমন্ত্রী বলেন, এই কমিটিতে সরকার ও বিরোধী দল থেকে সমানসংখ্যক পাঁচজন করে সদস্য থাকবে এবং বিরোধী দলের প্রস্তাব ও পরামর্শ এই কমিটির মাধ্যমে সরকারের কাছে পৌঁছাবে। বাস্তবসম্মত প্রস্তাব থাকলে তা বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।

সংসদ অধিবেশন পরিচালনা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রী আরও বলেন, জ্বালানি সংকট একটি বৈশ্বিক সমস্যা, যার প্রভাব সারা বিশ্বেই পড়েছে। তবে দেশের মানুষের স্বার্থে সরকার যে কারও সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।

সরকারি দলের ঘোষিত পাঁচ সদস্য হলেন—

  • ইকবাল হাসান মাহমুদ
  • অনিন্দ্য ইসলাম অমিত
  • এবিএম আশরাফ উদ্দিন নিজান
  • মইনুল ইসলাম খান শান্ত
  • মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

এর আগে বুধবার সংসদে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারের সঙ্গে যৌথভাবে সমাধান খোঁজার প্রস্তাব দেন। তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকেও কিছু পরামর্শ রয়েছে, যা নিয়ে একসঙ্গে কাজ করা সম্ভব।

প্রধানমন্ত্রীর ঘোষণার পর বিরোধীদলীয় নেতা প্রস্তাবটিকে ইতিবাচক হিসেবে গ্রহণ করে দ্রুত সদস্যদের নাম দেওয়ার আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করেন, জাতীয় সংসদ দেশের সব সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।

উল্লেখ্য, জ্বালানি তেল, গ্যাস সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে কয়েকদিন ধরেই সংসদে আলোচনা চলছিল। বিরোধী দলের প্রস্তাবের প্রেক্ষিতেই সরকার যৌথ কমিটির কাঠামো সামনে আনে।