স্টাফ রিপোর্টার | ২৫ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ দেড় দশক পর জনগণ সরাসরি ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচন করেছে, যা মানুষের প্রত্যাশার প্রতিফলন। তিনি উল্লেখ করেন, জনগণের প্রত্যাশা পূরণে জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করছে।
শনিবার সকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ট্রেনিং কাম ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান প্রমাণ করেছে রাষ্ট্রের মালিক জনগণ। তাই জনপ্রশাসনের কর্মকর্তাদের প্রধান দায়িত্ব হলো জনগণের কল্যাণ নিশ্চিত করা।
তিনি আরও বলেন, বিয়াম ফাউন্ডেশনের নতুন ভবন শুধু অবকাঠামো নয়—এটি ভবিষ্যৎ প্রশাসনিক নেতৃত্ব গঠন, দক্ষতা উন্নয়ন এবং মানবসম্পদ বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, আধুনিক প্রশাসনে শুধু নিয়ম জানা যথেষ্ট নয়; প্রযুক্তির ব্যবহার, তথ্য বিশ্লেষণ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সৃজনশীল দৃষ্টিভঙ্গিও জরুরি। এ লক্ষ্যে সরকার প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিক ও ফলাফলমুখী করার উদ্যোগ নিয়েছে।
তিনি জনপ্রশাসন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করা কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং জনগণের সঙ্গে করা চুক্তি। সেই প্রতিশ্রুতি পূরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিকতা নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রী জানান, সরকার ‘মেরিটোক্রেসির বাংলাদেশ’ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। নিয়োগ, পদোন্নতি ও বদলিতে মেধা, সততা ও দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি বলেন, বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ও চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছে। তাই প্রশাসনিক কর্মকর্তাদেরও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন করতে হবে, যাতে সরকারি সেবা দ্রুত ও স্বচ্ছভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছানো যায়।
এছাড়া ব্যবসা-বাণিজ্য সহজ করতে সিঙ্গেল-উইন্ডো ক্লিয়ারেন্স, ওয়ান-স্টপ সার্ভিস এবং সম্পূর্ণ ডিজিটাল কর্মপ্রবাহ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে উন্নয়নের সুফল সমাজের সব স্তরে পৌঁছাবে, বৈষম্য কমবে এবং নারী ও যুবসমাজ উন্নয়নের প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এবং বিয়ামের মহাপরিচালক আব্দুল মালেক উপস্থিত ছিলেন।




