এসএসসি প্রশ্নফাঁসে ‘জিরো টলারেন্স’, গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: মাহদী আমিন

ডিজিটাল প্রতারণা রোধে নজরদারি জোরদার, ৪ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার | ২৬ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

তিনি বলেন, একটি অসাধু চক্র ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। এই ধরনের অপতৎপরতা রোধে সাইবার নজরদারি ও ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রোববার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র এসব কথা জানান।

মাহদী আমিন বলেন, প্রশ্নপত্র দেওয়ার নামে ভুয়া প্রশ্ন সাজিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গত কয়েক দিনে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা একটি স্বচ্ছ ও সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থাকে ব্যাহত করার চেষ্টা করছিল এবং ডিজিটাল মাধ্যমে কোনো চক্র অপতৎপরতা চালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

উপদেষ্টা জানান, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে প্রশ্নফাঁসের যে বিষয়টি সামনে আসে, তা বিশ্লেষণে প্রকৃতপক্ষে কোনো প্রশ্নফাঁসের ঘটনা নয়; বরং এটি ছিল সুপরিকল্পিত প্রতারণা।

চক্রটি প্রথমে টাকা নিয়ে পরে নানা অজুহাতে উধাও হয়ে যেত। এমনকি পরীক্ষা শুরুর পর প্রশ্ন সংগ্রহ করে সেটিকে আগের রাতে আপলোড করা হয়েছিল বলে দাবি করে শিক্ষার্থীদের ফাঁদে ফেলত বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, যথাযথ প্রমাণের অভাব ও প্রতিবেদনের ত্রুটির কারণে সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলটি নিজ দায়িত্বেই প্রতিবেদনটি সরিয়ে নিয়েছে।

বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনামলে দেশের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল বলেও অভিযোগ করেন মাহদী আমিন। তিনি বলেন, সেই সময়ে পাঠ্যপুস্তকে বিকৃত ইতিহাস এবং মেধার চেয়ে দলীয় আনুগত্যকে প্রাধান্য দেওয়া হয়েছিল।

তবে বর্তমান সরকার শিক্ষাখাতকে ঢেলে সাজাতে কাজ করছে জানিয়ে তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতোমধ্যেই নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকার ‘আন্দোলনময় শিক্ষা’র যে সংস্কৃতি গড়ে তুলছে, তা প্রতারণামূলক মানসিকতার সম্পূর্ণ বিপরীত।

শিক্ষার্থী ও অভিভাবকদের গুজবে কান না দিয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি এবং তথ্য যাচাই ছাড়া কোনো সংবাদ বিশ্বাস না করার পরামর্শ দেন।