স্টাফ রিপোর্টার | ২৬ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে।
রোববার জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী-এর এক পয়েন্ট অব অর্ডারের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দুই দিন আগেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসসহ জরুরি সেবাগুলোর ওপর আরোপিত জ্বালানি সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে তিনি স্পষ্ট করেন।
তিনি আরও বলেন, সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, সরকার ইতোমধ্যেই তা সমাধান করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে ভবিষ্যতে এ ধরনের সমস্যা আর থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন, জ্বালানি তেলের রেশনিংয়ের কারণে পুলিশ রাতের টহল কমিয়ে দিয়েছে। এতে অপরাধ বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
কুমিল্লায় এক কাস্টমস কর্মকর্তাকে হত্যার ঘটনার প্রেক্ষাপটে তিনি বিষয়টি সংসদে উত্থাপন করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।





