বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

প্রায় ৫০ বছর পর ‘জিয়ার খাল’ পুনরুদ্ধারে নতুন উদ্যোগ, সেচ ও কৃষিতে বাড়বে সম্ভাবনা


স্টাফ রিপোর্টার | ২৭ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উলসী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ১১টা ৫৫ মিনিটে তিনি নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

এর আগে সকাল ১১টা ৪২ মিনিটে খননস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী উদ্বোধনী ফলক উন্মোচন করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই খালটি ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খনন করেছিলেন, যা পরবর্তীতে ‘জিয়ার খাল’ নামে পরিচিতি পায়। প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই খালটি বর্তমানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে পুনঃখনন করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোর থেকেই এলাকার মানুষ ফুল হাতে উপস্থিত হয়ে তাকে স্বাগত জানান। খালে নেমে প্রধানমন্ত্রী উপস্থিত জনতার সঙ্গে কুশল বিনিময় করেন, আর জনগণ স্লোগানে তাকে অভিবাদন জানায়।

স্থানীয়দের মতে, খালটি পুনঃখননের ফলে জলাবদ্ধতা দূর হবে এবং কৃষিতে সেচ সুবিধা বাড়বে, যা উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, শার্শা অঞ্চলে একসময় জলাবদ্ধতার কারণে কৃষিজমি দীর্ঘ সময় পানির নিচে থাকত। সেই সমস্যা সমাধানে ১৯৭৬ সালে খালটি খনন করা হয়েছিল। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকার পর এবার পুনরায় খননের মাধ্যমে খালটি সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে গত ১৬ মার্চ প্রধানমন্ত্রী দেশের ৫৪ জেলায় একযোগে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল দিয়ে সেই কর্মসূচির সূচনা হয়েছিল।