স্টাফ রিপোর্টার | ২৮ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
কোস্ট গার্ডের সার্বিক উন্নয়নে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বাহিনীর সক্ষমতা বাড়াতে কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার সার্ভিস যুক্ত করা হবে এবং আরও ১০ হাজার জনবল বৃদ্ধি করা হবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সরকারের নেতৃত্বে বেগম খালেদা জিয়া কোস্ট গার্ড প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে এই বাহিনী জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, উপকূলীয় এলাকার পাশাপাশি অভ্যন্তরীণ বিভিন্ন ক্ষেত্রেও কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিয়মিত টহলের মাধ্যমে সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং সুন্দরবন রক্ষায় বাহিনীটির অবদান উল্লেখযোগ্য।
এ সময় গত এক বছরে সুন্দরবনে অভিযানসহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন মন্ত্রী।
এর আগে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক বলেন, বাহিনীটি সর্বমহলে গ্রহণযোগ্যতা অর্জন করেছে এবং দেশের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি জানান, বিভিন্ন ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত বাহিনীর ১৬ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন।
মহাপরিচালক আরও বলেন, জনবলের ঘাটতি রয়েছে এবং তা পূরণ হলে কোস্ট গার্ড আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।





