স্টাফ রিপোর্টার | ২৯ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী জুলাই থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও পাটের তৈরি ব্যাগ বিতরণের পাইলট কার্যক্রম শুরু হচ্ছে।
আজ (বুধবার) সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়-এর সভাকক্ষে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, প্রাথমিকভাবে দেশের প্রতিটি উপজেলার দুটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের এক সেট করে স্কুল ড্রেস, জুতা ও পাটের ব্যাগ দেওয়া হবে। আগামী ১৮০ দিনের মধ্যে কর্মসূচির দৃশ্যমান অগ্রগতি হবে এবং পর্যায়ক্রমে এটি সারাদেশে সম্প্রসারণ করা হবে।
তিনি আরও বলেন, এই বৃহৎ কর্মসূচি বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও শিল্প উদ্যোক্তারা করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) এর আওতায় অংশ নিচ্ছেন। ইতোমধ্যে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ১ লাখ সেট ড্রেস ও জুতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
ব্রিফিংয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দেশব্যাপী শিক্ষার্থীদের মাঝে এই সুবিধা বিতরণের পূর্ণ সক্ষমতা সরকারের রয়েছে। ইতোমধ্যে বিনামূল্যে বই ও মিড-ডে মিল কর্মসূচি চালু থাকায় নতুন এই উদ্যোগ বাস্তবায়ন সহজ হবে।
তিনি আরও বলেন, এই কর্মসূচির ফলে অসহায় পরিবারের অভিভাবকদের আর সন্তানের শিক্ষার জন্য অতিরিক্ত ব্যয়ের চিন্তা করতে হবে না। একই সঙ্গে ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যেও এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পোশাক ও ব্যাগের গুণগত মান সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, বিশেষজ্ঞ দলের মাধ্যমে ডিজাইন চূড়ান্ত করা হয়েছে। ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের জন্য আলাদা কিন্তু অভিন্ন মানের পোশাক নির্ধারণ করা হয়েছে, যাতে কোনো বৈষম্য না থাকে।
সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আবু খোয়েম চৌধুরী এবং বিজিএমইএ সভাপতি মাহমুদুল হক বাবুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।





