স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ

পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো

স্টাফ রিপোর্টার | ২৯ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে UNESCO-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ Susan Vize (সুসান ভাইজ)-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

আজ জাতীয় সংসদে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পুলিশ প্রশিক্ষণ ও সংস্কার, মিডিয়া-পুলিশ সম্পর্ক উন্নয়ন, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ইউনেস্কো বাংলাদেশের হেড অব কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন ফারহানা শাহনাজ এবং মিডিয়া অ্যান্ড ইনফরমেশন প্রজেক্ট লিড শাকিল এম ফয়সাল।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী ইউনেস্কো প্রতিনিধিদলকে স্বাগত জানান। এসময় সুসান ভাইজ নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান।

ইউনেস্কো প্রতিনিধি জানান, পুলিশ ও সাংবাদিকদের প্রশিক্ষণ বিষয়ে তাদের চলমান প্রকল্প রয়েছে এবং মন্ত্রণালয়ের অনুমতি পেলে আগামী জুনের মধ্যেই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা সম্ভব। মন্ত্রী এ বিষয়ে সম্মতি জানিয়ে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।

তিনি আরও বলেন, ইউনেস্কোর সহযোগিতায় বিভাগীয় পর্যায়ে ডিআইজি ও এসপি পদমর্যাদার কর্মকর্তাদের প্রশিক্ষণ দিলে তা কার্যকর হবে। পাশাপাশি পুলিশের মিডিয়া শাখার কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন।

সুসান ভাইজ জানান, জাতীয় নির্বাচনের আগে এসপি ও ওসি পদমর্যাদার প্রায় ৭০০ পুলিশ কর্মকর্তাকে ইতোমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং সাংবাদিকদের জন্যও অনুরূপ কর্মসূচি আয়োজন করা হচ্ছে।

মন্ত্রী বলেন, সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী, তবে জবাবদিহিতা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। তিনি পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।