স্টাফ রিপোর্টার | ৫মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম-এর মহাসমাবেশকে ঘিরে সহিংসতায় এখন পর্যন্ত মোট ৫৮ জন নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে।
আজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
চিফ প্রসিকিউটর বলেন, ৫ মে ঢাকার শাপলা চত্বর ও আশপাশ এলাকায় ৩২ জন নিহত হন এবং তাদের সবার পরিচয় শনাক্ত হয়েছে। এদের মধ্যে কয়েকজনের ময়নাতদন্ত করা হয়েছে, তবে অনেকের হয়নি।
তিনি আরও জানান, পরদিন ৬ মে নারায়ণগঞ্জে ২০ জন নিহত হন, যাদের পরিচয়ও শনাক্ত করা হয়েছে। একই দিনে চট্টগ্রামে পাঁচজন এবং কুমিল্লায় একজন নিহত হন। সব মিলিয়ে ৫৮ জনের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে এবং তাদের সবার পরিচয় নিশ্চিত করা হয়েছে।
তদন্তের স্বার্থে মামলার আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, এ মামলার তদন্ত কাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। আগামী ৭ জুনের মধ্যে তদন্ত শেষ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
মো. আমিনুল ইসলাম বলেন, নিহতদের প্রত্যেক পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে এবং তাদের বক্তব্য নেওয়া হয়েছে। তদন্তে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।
এই মামলায় আসামি হিসেবে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, হাসান মাহমুদ খন্দকার, বেনজীর আহমেদ, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক মোল্যা নজরুল ইসলাম এবং গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।





