২২ দিনের ব্যবধানে বগুড়ায় ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী, বৃহস্পতিবার আসছেন আরও চারজন

বিমানবন্দর চালু ও ফ্লাইং অ্যাকাডেমি স্থাপনের সম্ভাবনা যাচাই করবেন প্রতিনিধিদল

ছবি : সংগ্রহীত

বগুড়া প্রতিনিধি | ০৬ মে, ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

মাত্র ২২ দিনের ব্যবধানে আবারও বগুড়া সফরে আসছেন সরকারের একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার (৭ মে) সরকারি সফরে একদিনেই চার মন্ত্রী-প্রতিমন্ত্রী ও একজন সচিব বগুড়া পরিদর্শনে আসছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সরকারি সূত্র জানায়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা), প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সচিব ফাহমিদা আখতার আকাশপথে বগুড়ায় পৌঁছাবেন।

সফরে তারা বগুড়ার দীর্ঘদিনের প্রত্যাশিত বিমানবন্দর দ্রুত চালুর সম্ভাব্যতা যাচাই এবং প্রয়োজনীয় করণীয় নির্ধারণে সরেজমিন পরিদর্শন করবেন। একই সঙ্গে বগুড়ায় পাইলট তৈরির জন্য একটি ফ্লাইং অ্যাকাডেমি স্থাপনের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।

এদিকে একই দিন সকাল ৯টায় বগুড়ার পল্লী উন্নয়ন অ্যাকাডেমি (আরডিএ) মিলনায়তনে ২০২৭ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যপুস্তক পর্যালোচনা ও পরিমার্জন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক।

বগুড়ার জেলা প্রশাসকের দায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দর চালুর সম্ভাব্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিব বগুড়া সফর করবেন এবং সরেজমিনে বিমানবন্দর এলাকা পরিদর্শন করবেন।

এর আগে চলতি বছরের ১৩ ও ১৪ এপ্রিল দুই দিনের ব্যবধানে বগুড়া সফর করেছিলেন সরকারের আরও চার গুরুত্বপূর্ণ মন্ত্রী-প্রতিমন্ত্রী। তারা হলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।