সেনাবাহিনী প্রত্যাহারে পর্যায়ক্রমে উদ্যোগ নিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে পুলিশের সক্ষমতা বেড়েছে বলে দাবি

স্টাফ রিপোর্টার, ৭ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, সরকার এখনো সেনাবাহিনী প্রত্যাহার নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রেস ব্রিফিং করেনি। তবে সরকারি পর্যায়ে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য মাঠে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন রাখা হবে না।

তিনি বলেন, “নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা পুলিশ বাহিনীকে একটি সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনতে পেরেছি বলে এখন বিশ্বাস জন্মেছে। জনমনেও সেই বিশ্বাস তৈরি হয়েছে। সে কারণেই পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

মন্ত্রী আরও জানান, কীভাবে এই প্রত্যাহার কার্যক্রম পরিচালিত হবে, তা পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করেই নির্ধারণ করা হবে।

তিনি বলেন, দেশে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং প্রতিদিনই মাদক, সন্ত্রাসবাদ, জুয়া ও অস্ত্র সংক্রান্ত বিভিন্ন মামলার দাগী আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে। একই সঙ্গে সংক্ষিপ্ত আদালতের মাধ্যমে কিছু ক্ষেত্রে সাজাও নিশ্চিত করা হচ্ছে বলে জানান তিনি।

রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। সঠিকভাবে তালিকা প্রণয়ন করে অভিযান পরিচালনা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, কোথাও কোথাও যৌথ অভিযান চলছে, আবার কিছু ক্ষেত্রে আইনপ্রয়োগকারী সংস্থাগুলো এককভাবেও অভিযান পরিচালনা করছে। এসব কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি রয়েছে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি।